ঢাকা স্টিল মিলের খালি জায়গায় রি-রোলিং মিল স্থাপনের নির্দেশ
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ঢাকা স্টিল মিলের খালি জায়গায় একটি রি-রোলিং মিল স্থাপন করা হবে। রডের বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ মিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিজস্ব অর্থায়নে দ্রুত এ মিল স্থাপনের জন্য বিএসইসিকে নির্দেশ দেন।গত মঙ্গলবার রাজধানীর বিএসইসি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশন দেন।বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বাবু রায় রমেশ চন্দ্র, বিএসইসি সিবিএর সিনিয়র সহসভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম বক্তব্য দেন।শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শিল্প-কারখানা রাষ্ট্রীয়করণের মাধ্যমে শ্রমিকশ্রেণীর স্বার্থ ও সম্মান রক্ষার উদ্যোগ নিয়েছিলেন।