ঢাকায় ইন্টারটেকের পরীক্ষাগারের যাত্রা শুরু

যুক্তরাজ্যভিত্তিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ইন্টারটেক ঢাকায় চালু করল আধুনিক পরীক্ষাগার। আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারটেকের নিজস্ব ভবনে এক লাখ বর্গফুটের এ পরীক্ষাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মূলত বাংলাদেশ থেকে পণ্য নেয় এমন বিদেশি ক্রেতা ও বড় ব্র্যান্ডের হয়ে পরিদর্শন ও মান পরীক্ষা করে থাকে ইন্টারটেক। নতুন এই পরীক্ষাগারে আরও থাকছে খাদ্য, বিদ্যুত্, খনিজ, কৃষি, কার্গো, জিটিএসসহ মোট সাত ধরনের সেবা কার্যক্রম। কারখানা পরিদর্শন, আইএসও সনদ প্রদান, মানবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে এখানে।
ইন্টারটেক সূত্রে জানা যায়, এই পরীক্ষাগারটি তৈরিতে খরচ হয়েছে ৩২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।
পরীক্ষাগারটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইন্টারটেক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক রাজেশ সাইগাল জানান, এক ছাদের নিচে এত বড় পরীক্ষাগার দক্ষিণ এশিয়ায় অন্য কোনো দেশে নেই। তাই এটিকে এই অঞ্চলের বৃহত্তম পরীক্ষাগার বলা হচ্ছে।
বিভিন্ন পণ্যের মান পরীক্ষা করাতে এখানে এক থেকে দশ হাজার টাকা, আইএসও সনদ নিতে খরচ পড়বে এক লাখ ৫০ হাজার থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত।
পরীক্ষাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের পরীক্ষাগার দেশের রপ্তানি আয় বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। এটা চালাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম ইন্টারটেকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ন্যায্য ও স্বল্প মূল্যে এখানে পোশাকের মান পরীক্ষা করা গেলে তা আমাদের তৈরি পোশাক খাতের জন্য খুবই ইতিবাচক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, ইন্টারটেক বাংলাদেশের পরিচালক কার্তিকায়ন এন ডি রাজেশ সাইগাল, ফিনিক্স গ্রুপের সহসভাপতি ইভানা ফাহমিদা প্রমুখ।