ঢাকায় কর মেলা শুরু
রাজধানীতে কর মেলা শুরু হয়েছে। বেইলি রোডের অফিসার্স ক্লাবে সাত দিনব্যাপী এ কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার মেলার প্রথম দিনে করদাতাদের পদচারণে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কর মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন, সদস্য বশিরউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় ১২৪টি বুথ রয়েছে। এসব বুথে বার্ষিক আয়কর বিবরণী গ্রহণ, ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর পরিশোধ বা ই-পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে, কর পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে সোনালী ও জনতা ব্যাংকের বুথও রয়েছে।
মেলা উদ্বোধনের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে করদাতারা আসতে শুরু করেন। কোনো কোনো বুথের সামনে করদাতাদের লাইনও দেখা গেছে। ই-টিআইএনের বুথগুলোতে তুলনামূলক বেশি ভিড় ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, সরকার শীর্ষ করদাতাদের বাণিজ্যিকভাবে গুরত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা দেওয়ার কথা চিন্তা করছে। তিনি আরও বলেন, কর ব্যবস্থায় মূল সমস্যা হলো ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১৩ লাখ করদাতা নিয়মিত কর দেন। কর আদায় করতে গিয়ে যেন মানুষ দুঃখ না পান, কষ্ট না পান, ভয়ভীতি না পান, সেদিকে খেয়াল রাখতে হবে। এ মেলার মাধ্যমে করদাতাদের আস্থায় আনতে হবে। প্রত্যক্ষ কর বাড়লে মানুষকে আরও সেবা দিতে পারবে সরকার।
বাণিজ্যমন্ত্রী জানান, একসময় খাদ্যে ঘাটতি ছিল। এখন কিছু উদ্বৃত্ত থাকে। তাই সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে খাদ্যশস্য রপ্তানি করতে চায়। ইতিমধ্যে সরকার সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, অর্থ মন্ত্রণালয়ের মত নিয়ে শীর্ষ করদাতাদের সিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে।
রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে এ কর মেলা চলছে। শেষ হবে ২২ সেপ্টেম্বর।