ঢাকায় ডেনিম ও জিনস পণ্যের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তৈরি ডেনিম পণ্যের আন্তর্জাতিক বাজার আরও বাড়াতে রাজধানীর র্যা ডিসন হোটেলে গতকাল রোববার শুরু হয়েছে ‘তৃতীয় ডেনিমস অ্যান্ড জিনস ডটকম বাংলাদেশ ২০১৫’ শীর্ষক এক প্রদর্শনী।
জার্মানি সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেডের কারিগরি সহায়তায় দুই দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফার্ডিনান্ড ফন ভেহে।
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, জার্মানিসহ সাতটি দেশের ২৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বিভিন্ন দেশের ডেনিম পণ্যের ক্রেতা-বিক্রেতা, ফ্যাশন বিশেষজ্ঞসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যোগ দিচ্ছেন। ডেনিম পণ্যের বিশেষত্ব তুলে ধরতে প্রদর্শনীতে থাকছে বিশেষ ফ্যাশন শো ‘ফ্যাসিওনি’।
আমন্ত্রিত দর্শনার্থীরাই শুধু এ প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলা প্রদর্শনীর আজ শেষ দিনে ‘ডেনিম শিল্পের উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীটি উদ্বোধনকালে জার্মানির রাষ্ট্রদূত ফার্ডিনান্ড ফন ভেহে বলেন, ‘বাংলাদেশের মোট ডেনিম উৎপাদনের ৭ শতাংশ কিনে থাকে জার্মানি। এই রপ্তানি আরও বাড়ানোর সুযোগ আছে। সে জন্য উদ্যোক্তাদের ভালো মানের পণ্য উৎপাদনের পাশাপাশি কারখানার কর্মপরিবেশ, নিরাপত্তা, পরিবেশ দূষণ না করা প্রভৃতি বিষয়ও মাথায় রাখতে হবে।’ প্রয়োজনে এ ক্ষেত্রে জার্মানি সব ধরনের কারিগরি সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।