ঢাকায় তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর দ্বাদশবারের মতো ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১৫’ শীর্ষক এই মেলার আয়োজন করছে।
স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন ও বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট এবং স্বাস্থ্যসেবা ও আর্থিক প্রতিষ্ঠান। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য মূল্যছাড় দিয়ে বিমানের টিকিট বিক্রি ও ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে।
মেলা আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন।
মেলা উপলক্ষে সোনারগাঁও হোটেলে গত সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবীর।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। এতে প্রবেশমূল্য ধরা হয়েছে ২৫ টাকা। প্রবেশ কুপনের ওপর প্রতিদিন সন্ধ্যায় র্যা ফল ড্র অনুষ্ঠিত হবে। মেলার শেষ দিন শনিবার সন্ধ্যায় হবে গ্র্যান্ড র্যা ফল ড্র।