ঢাকায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সভা শুরু আজ
দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে।
২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চলতে থাকা নানামুখী সহযোগিতার ধারা বেগবান করাই উচ্চপর্যায়ের এ সভার লক্ষ্য।
রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সভাটির উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে অর্থমন্ত্রীসহ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও ইআরডিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বক্তব্য দেন। আবদুল মোমেন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জন্য জাতিসংঘ গঠিত উচ্চপর্যায়ের কমিটির সভাপতি।
সভার যৌথ আয়োজক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা (ইউএনওএসএসসি) কার্যালয় এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, উন্নয়নমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগী সংস্থার শতাধিক প্রতিনিধি এতে অংশ নেওয়ার কথা।
দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা (সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন) আগে ‘উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা’ (টিসিডিসি) নামে পরিচিত ছিল। ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতার জন্য দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা একটি ব্যাপকভিত্তিক ফোরাম।
অর্থমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যকে আমরা চেপে ধরেছি। ২০৩০ সালের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না, অন্তত অতি দরিদ্র থাকবে না।’ ঢাকার সভার পর আগামী জুলাইয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় সম্মেলনে চূড়ান্ত আলোচনা হবে উল্লেখ করে মুহিত বলেন, ‘১৯৭১ থেকে মাত্র কয়েক দশকে আমরা এখন দন্তুর মতো সুখী দেশ। যদিও অভাব আছে।’
সভায় দুই দিনে মোট ছয়টি অধিবেশন থাকবে। এটি শেষ হবে কাল সোমবার।