ঢাকায় লেনদেন কমলেও চট্টগ্রামে সামান্য বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের সপ্তাহের শেষ দিনের লেনদেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে মূল্যসূচক সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে চার হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমেছিল। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১১টায় বেড়েছিল ৩০ পয়েন্ট। আর দুপুর সাড়ে ১২টায় সূচক বেড়েছিল ১৩ পয়েন্ট। এভাবে ওঠানামার পর নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে; কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে ৩৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা বুধবারের চেয়ে ৭৩ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বেক্সিমকো, তাল্লু স্পিনিং, নাভানা সিএনজি, আফতাব অটো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৭২১ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯১টির দাম বেড়েছে; কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে গতকাল ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।