ঢাকায় সাফা সম্মেলন শুরু

ঢাকায় শুরু হয়েছে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
হিসাব পেশার মান উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে দক্ষিণ এশিয়ার আটটি দেশের সনদধারী হিসাববিদেরা (সিএ) এতে অংশ নিচ্ছেন। সম্মেলনের আয়োজক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুত হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে আর্থিক প্রতিবেদন তৈরিতে আইসিএবিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার শ্রীলঙ্কায় চাল রপ্তানি শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরির লেখা প্রবন্ধটি উপস্থাপন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সাবেক সচিব এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাফার সভাপতি সুবোধ কুমার আগারওয়াল।
সম্মেলনে আরও তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এগুলোর বিষয় হলো‘উন্নয়ন পরিকল্পনায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব’, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতায় সিএদের ভূমিকা’ ও ‘উন্নয়ন নীতি গ্রহণে ব্যবসা ও কাজের ভূমিকা’।
সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।