ঢাকার বাজারে টানা নয় দিনের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা নয় দিন ধরে দরপতন চলছে। এর ফলে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স কমে নেমে এসেছে তিন হাজার ৪৩৯ পয়েন্টে। গত ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই নতুন সূচকের সর্বনিম্ন অবস্থান। চার হাজার ৫৫ পয়েন্টের অবস্থান থেকে নতুন এই সূচকটি চালু হয়। চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল ডিএসইএক্স সূচকটি কমেছে প্রায় ৬ পয়েন্ট।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৬১ পয়েন্টে। সূচক কমলেও দুই বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ঢাকার বাজারে মঙ্গলবার লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। কিন্তু উচ্চ আদালতের দায়ের হওয়া রিট পিটিশন-সংক্রান্ত জটিলতার কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। এই খবরে গতকাল কোম্পানিটির দরপতন ঘটে। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো। এদিন কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভার পূর্বনির্ধারিত তারিখ ছিল। এই সভা থেকেই লভ্যাংশের ঘোষণা আসার কথাটি আগেই জানা ছিল বিনিয়োগকারীদের। তাই এদিন কোম্পানিটির শেয়ারের দামে এর প্রভাব ছিল বলে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। লেনদেন শেষে কোম্পানিটির লভ্যাংশের খবর প্রকাশ করা হয় ডিএসইর ওয়েবসাইটে। তাতে দেখা যায়, ২০১২ সালের ডিসেম্বরে সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করে।বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক কিছু ঘটবে এমনটা আমার মনে হয় না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ না বাড়লে বাজার খুব বেশি এগোবে না। এই মুহূর্তে বাজারে ইতিবাচক প্রভাব পড়ার মতো কোনো কারণ দেখা যাচ্ছে না। মোহাম্মদ মূসা আরও বলেন, কিছুদিন ধরে বাজারের লেনদেন ও সূচক একটি জায়গায় ঘুরপাক খাচ্ছে। এতে মনে হচ্ছে, কেউ কেউ হয়তো একটু একটু করে শেয়ার কিনছেন। কিন্তু এই অংশগ্রহণ দিয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। ঢাকার বাজারে মঙ্গলবার ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির দাম বেড়েছে, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৩৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দেড় কোটি টাকা বেশি।