ঢাকার বাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৫২ কোটি টাকা। গত আট মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৩ অক্টোবর ঢাকার বাজারে এক হাজার ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর গতকালকের আগে চলতি বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেনের রেকর্ডটি ছিল ৬৬০ কোটি টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৭ কোটি টাকা। গত চার মাসের ব্যবধানে এটিই সিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাজারে ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।

জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, বাজেট-পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেশ সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। বাজারের মন্দাকালীন সময়ে যেসব প্রতিষ্ঠান শেয়ার কিনেছিল, সেসব শেয়ারে এখন প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখেছে। এতে করে লাভে থাকা শেয়ার বিক্রি করে ওই টাকা তারা অন্য শেয়ারে বিনিয়োগ করছে। মোটের ওপর প্রতিষ্ঠানগুলো কেনাবেচায় বেশ সক্রিয় হয়েছে। যার প্রভাব লেনদেনে দেখা যাচ্ছে। সে সঙ্গে বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়ছে।

মাশরিব জাহিদ আরও বলেন, ‘৩০ জুন তালিকাভুক্ত অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিরীক্ষিত অর্ধবার্ষিক হিসাব শেষ হবে। এ কারণে এসব প্রতিষ্ঠান বাজারে সক্রিয় রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় বলে গত কয়েক দিনে আমরা মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর দাম বাড়তে দেখছি।’

বাজেট-পরবর্তী বাজারে তাৎক্ষণিক যে প্রভাব দেখা গিয়েছিল সেটি এখন কেটে গেছে বলে মত দেন এই মার্চেন্ট ব্যাংকার।

এদিকে গতকাল ডিএসইতে দিনের শুরুতে লেনদেনের সঙ্গে সূচকেও বেশ গতি দেখা যায়। তবে দুপুরের পর থেকে লেনদেনে গতি বজায় থাকলেও সূচকের বৃদ্ধির গতি কিছুটা স্থিমিত হয়ে পড়ে। দিন শেষে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১০৩ পয়েন্টে। সাধারণ সূচক প্রায় ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩১৯ পয়েন্টে।

ঢাকার বাজারে বুধবার ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টিরই দাম বেড়েছে, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০৭ কোটি টাকা বেড়েছে।

চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন ১৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭২০ পয়েন্টে। সিএসইতে বুধবার ২১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টিরই দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে সেখানকার বাজারের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেড়েছে।