ঢাকার বাজারে লেনদেন ২০০ কোটি টাকার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। ধারাবাহিক দরপতনের পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনও আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬৭ কোটি টাকা। বিগত সাড়ে চার মাসের মধ্যে এটিই সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৭ জুলাই ডিএসইতে সর্বনিম্ন ১২১ কোটি টাকার লেনদেন হয়েছিল।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন নেমে এসেছে প্রায় ২১ কোটি টাকায়। এটিও গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ১৭ জুলাই সিএসইতে প্রায় ১৮ কোটি টাকার সর্বনিম্ন লেনদেন হয়েছিল।টানা দরপতনে ডিএসইর সাধারণ সূচক নেমে এসেছে চার হাজার ২৮ পয়েন্টে। এটিও প্রায় সাড়ে চার মাসের মধ্যে এই সূচকের সর্বনিম্ন অবস্থান। গত ১৭ জুলাই ডিএসইর সাধারণ সূচক একই অবস্থানে ছিল। এরপরে তা বেড়ে সর্বোচ্চ চার হাজার ৮০০ পয়েন্টে ওঠে এবং ফের কমতে শুরু করে। টানা পতনে সূচক চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার কাছাকাছি নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে একইভাবে সূচক তিন হাজার ৬০০ পয়েন্টে নেমে গিয়েছিল।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বেশির ভাগ বিনিয়োগকারী নিষ্ক্রিয় রয়েছেন। বিনিয়োগের পরিবর্তে তাঁরা বাজার পর্যবেক্ষণ করছেন। এতে করে বাজারে ক্রেতাসংকট তৈরি হয়েছে। এ কারণে দরপতন অব্যাহত রয়েছে। ঢাকার বাজারে মঙ্গলবার ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টিরই দাম কমেছে, বেড়েছে ৬৪টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক কমে নেমে এসেছে প্রায় ১২ হাজার ২৯৫ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন ১৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১০টিরই দাম কমেছে, বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। আরগন ডেনিমসের আইপিও: শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ শুরু করেছে বস্ত্র খাতের কোম্পানি আরগন ডেনিমস। আইপিওর মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী কোম্পানিটি বাজার থেকে প্রায় ১০৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি তাদের ব্যাংক ঋণ পরিশোধ করবে বলে জানানো হয়েছে। যদিও আইপিও আবেদনের শুরুতে ব্যবসা সম্প্রসারণের জন্য এই অর্থ সংগ্রহের কথা ছিল। কিন্তু অনুমোদনপ্রাপ্তিতে বিলম্ব ঘটায় ব্যাংক ঋণের মাধ্যমে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের কাজ সম্পন্ন করে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ‘সম্প্রসারিত নতুন ইউনিটে এরই মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হয়ে গেছে। একাধিক ব্যাংকের বিশেষ অর্থায়নে (ব্রিজ ফাইন্যান্স) এই সম্প্রসারণকাজ সম্পন্ন করা হয়েছে।’আনোয়ার উল আলম চৌধুরী আরও বলেন, তালিকাভুক্তির আগেই নতুন ইউনিটে উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় তাতে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। গত সোমবার থেকে আরগন ডেনিমসের আইপিওর চাঁদা গ্রহণ শুরু হয়েছে। চাঁদা গ্রহণ-প্রক্রিয়া শেষ হবে আগামী ২ ডিসেম্বর। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। শেয়ারের প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ২০০ শেয়ার। সেই হিসাবে প্রতি আবেদনের জন্য বিনিয়োগকারীদের খরচ হবে সাত হাজার টাকা। কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন ইউনিট স্থাপনের আগে মাসিক উৎপাদনক্ষমতা ছিল সাত লাখ গজ। বর্তমানে এর পরিমাণ ১৮ লাখ গজ। ২০১১ সালের নিরীক্ষিত হিসাব অনুসারে, কোম্পানির নিট মুনাফা ছিল নয় কোটি ৮৩ লাখ টাকা। নতুন ইউনিটের উৎপাদন শুরু হওয়ায় চলতি বছর তা অনেক বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। একই বছরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৫ টাকা ৪৭ পয়সা। ওই বছরের জন্য কোম্পানিটি এখনো লভ্যাংশ ঘোষণা করেনি। আইপিও শেষে দুই বছরের লভ্যাংশ ঘোষণা ও বার্ষিক সাধারণ সভা করা হবে।