ঢাকার বাজারে লেনদেন ২৫০ কোটির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার আড়াই শ কোটি টাকার নিচে নেমে এসেছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে দরপতনের ধারা। টানা দরপতনে ডিএসইর সাধারণ সূচক নেমে এসেছে চার হাজার ২২৪ পয়েন্টে। গত তিন মাসের মধ্যে এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ঈদের ছুটির পর থেকেই শেয়ারবাজারে দরপতন চলছে। ছুটির পর গত ১০ কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে প্রায় ৩২৮ পয়েন্ট। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একেকজন একেক কথা বললেও ধারাবাহিক দরপতনের সঠিক কোনো কারণই কেউ বলতে পারছেন না। তবে সাম্প্রতিক দরপতনের জন্য কেউ কেউ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব বন্ধের সিদ্ধান্ত ও নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহকে প্রধান কারণ বলে মনে করছেন। ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি, অমনিবাস হিসাবের আড়ালে সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। যাঁদের পক্ষে হয়তো সরাসরি বিও হিসাবের মাধ্যমে শেয়ার ব্যবসা করার সুযোগ কম। এখন অমনিবাসের পরিবর্তে প্রত্যেক গ্রাহকের বিপরীতে আলাদা বিও খোলার সিদ্ধান্তের ফলে এদের একটি অংশ শেয়ার ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে করে বাজারে বিক্রির চাপ বাড়ছে।’আকতার হোসেন সান্নামাত আরও বলেন, ‘চলতি মাসে একসঙ্গে চারটি নতুন কোম্পানি আইপিওর চাঁদা সংগ্রহ করবে। যেহেতু এখন সেকেন্ডারি বাজার খারাপ, তাই বিনিয়োগকারীদের একটি অংশও এখন আইপিওর প্রতি ঝুঁকছে। এটিও লেনদেন কমে যাওয়ার একটি অন্যতম কারণ।’ ঢাকার বাজারে গতকাল লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বাড়লেও আবার কমতে শুরু করে এবং একপর্যায়ে নেমে আসে চার হাজার ২০০ পয়েন্টে। তবে দিন শেষে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২২৪ পয়েন্টে। গত ১৩ আগস্টের পর এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ঢাকার বাজারে এদিন ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টির দাম কমেছে, বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। মোট লেনদেন হয়েছেপ্রায় ২৪৮ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম। গত তিন মাসের মধ্যে এটি ঢাকার বাজারে সর্বনিম্ন লেনদেন। সর্বশেষ গত ৬ আগস্ট ডিএসইতে ২৩৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯০৮ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২০টির দাম কমেছে, বেড়েছে ৫৩টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। এই বাজারে প্রায় ৩১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।