ঢাকার বাজারে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়াল

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আবারও অর্ধশত কোটি টাকায় পৌঁছেছে। সর্বশেষ ৫ জুন সিএসইতে ৫৫ কোটি টাকার লেনদেন হয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজেট নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছিল। যার কারণে বাজেট-পরবর্তী প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন ঘটেছে। কিন্তু গত দুই দিনের বাজার আচরণে মনে হচ্ছে, বিনিয়োগকারীদের বিভ্রান্তির অবসান হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বাজেটের আগে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা ছিল। সেটিকে কেন্দ্র করে বাজারে একরকম গতি সঞ্চার হয়েছিল। কিন্তু বাজেটের পর প্রথম কার্যদিবসে আমরা বড় ধরনের দরপতন দেখলাম। বাজেটকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির কারণে মূলত সেটি হয়েছে। বুঝে না-বুঝে সবাই শেয়ার বিক্রি করেন ওই দিন। পরে বিভ্রান্তি দূর হওয়ায় দুই দিন ধরে বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।’
মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, বাজারের স্বার্থে বাজেটে আমরা যা চেয়েছিলাম তার সব হয়তো পাইনি। তা সত্ত্বেও এবারের বাজেট পুঁজিবাজারবান্ধব হয়েছে। তাই এ নিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
বিএমবিএর সভাপতি বলেন, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের সক্রিয়তার কারণেই গত দুই দিনে লেনদেনের পরিমাণ বেড়েছে।
আগের দিনের ধারাবাহিকতায় অধিকাংশ শেয়ারের দর ও মূল্যসূচক বৃদ্ধির মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেনের শেষ ঘণ্টায় শেয়ারের দরের কিছুটা মূল্য সংশোধন হতে থাকে। এর ফলে দর হ্রাস পাওয়া কোম্পানির তালিকাটি ক্রমেই দীর্ঘ হতে থাকে। মঙ্গলবার ঢাকার বাজারে ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টিরই দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
ঢাকার বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৩ পয়েন্টে। সাধারণ সূচক প্রায় ৪৩ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ৩১০ পয়েন্ট। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৭২ কোটি টাকা বেড়েছে।
চট্টগ্রামের বাজারে মঙ্গলবার ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টিরই দাম বেড়েছে, কমেছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ১৪টি শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৫৮ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেড়েছে।