ঢাকার ব্যালট না.গঞ্জে এনে গুনতে চান সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচনে ঢাকা কেন্দ্রের ভোট গ্রহণের পর ব্যালট পেপার নারায়ণগঞ্জে নিয়ে গণনার দাবি করেছেন বর্তমান সভাপতি ও সম্মিলিত নিট পরিষদের নেতা সেলিম ওসমান।নির্বাচন পরিচালনা বোর্ড গতকাল বুধবার দুপুরে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের প্রার্থীদের সঙ্গে যে মতবিনিময় সভা করে, তাতে এই দাবি উত্থাপন করা হয়। তবে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের নেতা ফজলুল হকের প্যানেলের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। এ প্রসঙ্গে এই প্যানেলের অন্যতম প্রার্থী জাহিদুল হক দীপু বলেন, ‘বিকেএমইএ নির্বাচনী আচরণবিধি ও দেশের প্রচলিত নির্বাচনব্যবস্থায় যেকোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সেখানে গণনা ও ফল ঘোষণার বিধান রয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ব্যালট পেপার নিয়ে আসতে কয়েক ঘণ্টা সময় অপচয় হবে। তা ছাড়া পথে ব্যালট বাক্স ছিনতাই ও কারচুপির আশঙ্কা রয়েছে। তাই কোনো ধরনের ঝুঁকিতে না নিয়ে নিজ নিজ কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সেখানেই গণনা ও ফলাফল ঘোষণা করা উচিত।’ যোগাযোগ করা হলে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, ‘সেলিম ওসমান ঢাকার ভোট নারায়ণগঞ্জে এনে একসঙ্গে গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তাব দিয়েছেন। ফজলুল হক প্যানেল এতে লিখিতভাবে আপত্তি জানিয়েছে। নির্বাচন বোর্ড আজ বৃহস্পতিবার বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ বিগত নির্বাচনে সেলিম ওসমান ঢাকার ভোটকেন্দ্রে শোচনীয়ভাবে পরাজিত হন। এবারে ঢাকায় ভোটকেন্দ্র বাতিল করা হলে ব্যবসায়ীদের আপত্তির মুখে তা পুনর্বহাল করা হয়।