ঢাকার শেয়ারবাজার আবার চাঙা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার আবার চাঙা হয়েছে। সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে। তবে আর্থিক লেনদেন কিছুটা কমেছে।বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বছর শেষে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে আর্থিক সমন্বয় আনার কারণে আজ শেয়ার বিক্রির প্রবণতা কম ছিল। অন্যদিকে গত দুই দিন দরপতনের কারণে বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় শেয়ার ক্রয়ের প্রবণতা বেশি ছিল। এর ফলে আজ বাজারে চাঙাভাব লক্ষ করা যায়।এ ব্যাপারে বাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বাজারে বর্তমানে বেশ তারল্য সংকট রয়েছে। এর ফলে বাজার বেশ ওঠানামা করছে। গত দুই দিন মূল্য সংশোধনের পর আজ স্বাভাবিকভাবেই বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। তারল্য সংকট কাটিয়ে ওঠার পর বাজার আবারও স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেছেন।ডিএসই সূত্রে জানা যায়, মধ্য দিয়ে আজ সারা দিনই লেনদেনে চাঙাভাব অব্যাহত ছিল। দিন শেষে সাধারণ মূল্যসূচক ১০৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৮২০৫ দশমিক শূন্য আট পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, গ্রামীণফোন, পূবালী ব্যাংক ও ইউসিবিএল।আজ সবচেয়ে বেশি বেড়েছে কাশেম ড্রাই সেলের শেয়ারের দাম। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, ঢাকা ডাইয়িং, রহিমা ফুড, শাইনপুকুর সিরামিকস, অগ্নি সিস্টেম, গোল্ডেন সন, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো সিনথেটিক ও বিচ হ্যাচারি দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া এইচআর টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ইস্টার্ন লুব্রিক্যান্টস, মুন্নু স্টাফলার, সায়হাম টেক্সটাইল, দুলামিয়া কটন, আলহাজ্ব টেক্সটাইল, রূপালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৪৮ হাজার ৯২১ কোটি টাকা।