ঢাকার শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১৪৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী ২০১৩ সালে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে; যা আগের বছর ২০১২ সালে ছিল প্রায় ৮০০ কোটি টাকা। অর্থাৎ বিদায়ী বছরে ঢাকার শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ প্রায় ১৪৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে এই বাজারে প্রায় তিন হাজার ৩৬১ কোটি টাকার বৈদেশিক লেনদেন হয়। এর মধ্যে বিদেশিরা দুই হাজার ৬৫২ কোটি টাকার শেয়ার ক্রয় করেছেন, তার বিপরীতে বিক্রয় করেছেন ৭০৯ কোটি টাকার। এতে বছর শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগ দাঁড়ায় এক হাজার ৯৪৪ কোটি টাকা; যা ২০১২ সালে ছিল ৭৯৩ কোটি টাকা।
এ সম্পর্কে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, যখন কোম্পানির শেয়ারের বাজারমূল্য মৌলভিত্তির নিচে নেমে আসে, তখনই বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হন। বিশেষ করে যখন বাজারের ওপর অধিকাংশ বিনিয়োগকারীর হতাশা বাড়তে থাকে, সেই সময়েই বিদেশিরা শেয়ার কেনেন। আর বাজারের প্রতি যখন অধিকাংশ বিনিয়োগকারীর আগ্রহ বাড়ে, তখন বিদেশিরা বিক্রি করেন। ২০১৩ সালে সেটি হয়েছে।
শাকিল রিজভী আরও বলেন, ‘অতীত অভিজ্ঞতায় দেখেছি, কোনো দেশে সরকার বদলকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখন শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ে। কারণ, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে। এই সুযোগটি কাজে লাগান বিদেশিরা।’
ডিএসই সূত্রে জানা গেছে, মাসিক হিসাবে ২০১৩ সালে সর্বোচ্চ প্রায় ৩৩৭ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আসে জুনে। আর সর্বনিম্ন প্রায় ৬৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আসে ডিসেম্বরে।
২০১২ সালে ডিএসইতে বিদেশিরা মোট এক হাজার ৯০৪ কোটি টাকার লেনদেন করেন। এর মধ্যে তাঁরা এক হাজার ৩৪৮ কোটি টাকার শেয়ার কেনেন আর ৫৫৬ কোটি টাকার বিক্রি করেন। এতে ওই বছরে প্রকৃত বিদেশি বিনিয়োগ দাঁড়ায় ৭৯৩ কোটি টাকা।
বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত কোম্পানির খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে থাকেন। অনেক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকেন।