ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমছে প্রতিদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেনের পরিমাণ ক্রমাগতভাবে কমে যাচ্ছে। ঈদ-পরবর্তী প্রথম সপ্তাহে ঢাকার বাজারের প্রতি দিনের গড় লেনদেন নেমে এসেছে প্রায় ৩১৯ কোটি টাকায়। অথচ ঈদের ছুটির আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় ৪২০ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২৪ শতাংশ বা ১০১ কোটি টাকা। বাজারের লেনদেন কমে যাওয়াকে বিনিয়োগকারীদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। তাঁদের বেশির ভাগই হাতে শেয়ার ধরে রেখে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে একেবারে নেই বললেই চলে। এ কারণে বাজারে লেনদেন কমে গেছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে গত সপ্তাহে রাজধানী ঢাকার মতিঝিলের কয়েকটি ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে, বিনিয়োগকারীদের উপস্থিতিও খুব কম। ঈদের পরপর অনেকেই বাড়ি থেকে রাজধানীতে ফিরতে দেরি করায় এত কম উপস্থিতির কারণ বলে ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান। আর যাঁরা বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন, কিন্তু বাজারের হাল দেখে ব্রোকারেজ হাউসমুখী হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে কারও কারও ধারণা। ঈদের আগে যাঁরা বাজার থেকে টাকা তুলে নিয়েছিলেন, তাঁরা ঈদ-পরবর্তী বাজারে এখনো পুরোপুরি সক্রিয় হননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। যোগাযোগ করা হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাজার ধারাবাহিক নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ অনেক কমে গেছে। দাম কমে যাওয়ায় বেশির ভাগ সাধারণ বিনিয়োগকারী লোকসানে শেয়ার বিক্রি করছেন না। এ ছাড়া বর্তমানে কেনাবেচার খরচ আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে। এতে ঘন ঘন শেয়ার কেনাবেচায় সাধারণ বিনিয়োগকারীদের আগের মতো আগ্রহ দেখা যাচ্ছে না। এসব কারণে লেনদেন কমে গেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় নয়। বর্তমান বাজার দাঁড়িয়ে আছে ব্যক্তি বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপর।’ সিএসইর সভাপতি বলেন, ‘নানা কারণে এখন শিল্পোদ্যোক্তারা পুঁজিবাজারের পরিবর্তে আবারও ব্যাংক ঋণনির্ভর হয়ে পড়ছেন, যা শিল্পায়নের ক্ষেত্রে টেকসই পদ্ধতি নয়।’ পুঁজিবাজার উন্নয়নের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে সিএসইর সভাপতি বলেন, ‘শেয়ারবাজারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) পাশ কাটিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেদের মতো কিছু তদন্তকাজ করছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। অথচ দুদক তার কাজগুলো যদি এসইসির মাধ্যমে করত, তাহলে সেটি অনেক ভালো হতো।’শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন সিএসই সভাপতি। ঢাকার বাজারে গেল সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৯৪ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ৬৭৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৫ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার-তথ্যে দেখা যায়, শেয়ারের দরপতন দিয়েই গেল সপ্তাহটি শুরু হয়েছিল। শেষটাও হয়েছে দরপতন দিয়ে। মাঝে এক দিন রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কল্যাণে ডিএসইতে শেয়ারের দাম এক দিন বেড়েছিল। গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই শেয়ারের দরপতন ঘটেছে। সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৩৯টির দাম কমেছে, বেড়েছে ২২টির আর অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। আগের সপ্তাহে সমপরিমাণ কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছিল। তার মধ্যে ১৬৭টিরই দাম বেড়েছিল, কমেছিল ৮৮টির দাম। গেল সপ্তাহে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭ পয়েন্টে। এটি তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৩৫ পয়েন্ট কম। ডিএসইর ওয়েবসাইটের তথ্য থেকে জানা গেছে, গত ১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস ধরে ডিএসইর সাধারণ সূচক সর্বনিম্ন ছয় হাজার ৪৪ থেকে সর্বোচ্চ ছয় হাজার ৩৮৯ পয়েন্টে ঘুরপাক খাচ্ছে।