ঢাকার ৪৭টি বিপণিবিতানে বসানো হলো জাল নোট শনাক্তকারী যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৪৭টি বিপণিবিতানের ব্যবসায়ীদের কাছে জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় গতকাল সোমবার এসব যন্ত্র সরবরাহ করা হয়।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এক অনুষ্ঠানে বিপণিবিতানগুলোর ব্যবসায়ীদের হাতে জাল নোট শনাক্তকারী এসব যন্ত্র তুলে দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, প্রতিবছর ঈদ-পূজার মতো বড় বড় ধর্মীয় উৎসবের সময় জনসাধারণের প্রচুর কেনাকাটার সুযোগে নোট জালকারী কিছু চক্র সক্রিয় হয়ে ওঠে। এদের ঠেকাতেই বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এফবিসিসিআই এই উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম বলেন, ‘এর আগে আমরা কোরবানির পশুর হাটে ব্যবহারের জন্য জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করেছিলাম। এতে পশুর হাটে জাল নোটের বিস্তার কমে এসেছে। বিপণিবিতানগুলোতে জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করায় ঈদ বাজারেও জাল নোটের প্রকোপ কমে আসবে বলে আমরা আশা করি।’
এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, প্রতিটি টাকার দৈর্ঘ্য ও প্রস্থ আলাদা হওয়া উচিত। এতে টাকার মধ্যে ছাপ দিয়ে নকল করা বন্ধ হবে। জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করা বিপণিবিতানগুলোর প্রতিনিধিদের সবাইকে যথাযথভাবে এসব যন্ত্র ব্যবহারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এফবিসিসিআই মোট ১৩০টি জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করবে। এর মধ্যে রাজধানীর ৪৭টি বিপণিবিতানে ৫০টি এবং ঢাকার বাইরে ৮০টি যন্ত্র সরবরাহ করা হবে।