ঢাকায় আজ থেকে তিন দিনের থাই বাণিজ্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে তিন দিনব্যাপী ‘থাইল্যান্ড ট্রেড শো’ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এতে থাইল্যান্ডের ৪৬টি পণ্য প্রস্তুকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করবে। এদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার সন্ধ্যায় বাণিজ্য প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। ঐতিহ্যবাহী থাই নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এই বাণিজ্য প্রদর্শনীটির আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকার থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুয়াপং সারসর্ন, ডিআইটিপির পরিচালক উষা উইজারুরন প্রমুখ। আয়োজকেরা জানায়, থাইল্যান্ডের ৪৬টি পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১৪ ধরনের পণ্য প্রদর্শনীতে স্থান পাবে। এর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, উপহার, প্রসাধন, গৃহস্থালি, রন্ধন, নির্মাণসামগ্রী, বিভিন্ন ধরনের সরঞ্জাম, চালকলের সরঞ্জাম, তৈরি পোশাক ইত্যাদি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনীটি খোলা থাকবে।