ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ১১ মার্চ শুরু হচ্ছে
রাজধানীতে আগামী ১১ মার্চ শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। শেরাটন হোটেলে ঢাকা ট্রাভেল মার্ট-২০১০ শীর্ষক এ মেলা অনুষ্ঠিত হবে।সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। এতে ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)।ঢাকা ট্রাভেল মার্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আগের বছরগুলোর মতো এবারের মেলায়ও সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো, পর্যটন সংস্থা, হোটেল ও রিসোর্টস, ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস এবং পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রমোদ ও বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় স্টলের বরাদ্দ দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি স্টলের ফি ধরা হয়েছে এক হাজার মার্কিন ডলার। তবে বিলম্ব ফিসহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ২০০ ডলারে স্টলের বরাদ্দ নেওয়া যাবে।দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার শেষ দিন ১৩ মার্চ সন্ধ্যা সাতটায় শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে প্রবেশ টিকিটের র্যাফল ড্র। এতে দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। মেলায় অংশ নিতে আগ্রহীদের রাজধানীর ৬৭ নয়াপল্টনের সিটি হার্টের দশম তলায় ঢাকা ট্রাভেল মার্টের সচিবালয়ে অথবা এই দুটি টেলিফোন নম্বর ৯৩৩৪৯৬৩ ও ৯৩৩০৬৭৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশের পর্যটনশিল্পের বর্তমান প্রেক্ষাপট এবং সরকারি ও বেসরকারি খাতের করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।