ঢাকায় আন্তর্জাতিক মোটর শো ২৩-২৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আন্তর্জাতিক মোটর শো উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম l ছবি: সেমস্ বাংলাদেশ
ঢাকায় আন্তর্জাতিক মোটর শো উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম l ছবি: সেমস্ বাংলাদেশ

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৩ থেকে ২৫ মার্চ চারটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীগুলো হচ্ছে ১২তম ঢাকা মোটর শো-২০১৭, তৃতীয় ঢাকা বাইক শো-২০১৭, দ্বিতীয় ঢাকা অটো পার্টস শো–২০১৭ ও ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো–২০১৭। তিন দিনের এসব প্রদর্শনীর আয়োজন করছে সেমস্ গ্লোবাল।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। এতে জানানো হয়, প্রদর্শনীগুলোতে স্বাগতিক বাংলাদেশসহ জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সৌদি আরব, ভারত প্রভৃতি দেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ প্রস্তুত ও বিপণনকারী প্রায় ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলে অংশ নেবে। প্রদর্শনীতে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট এবং সিএনজি রূপান্তর অটো যন্ত্রাংশের সমাহার থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেমস্ গ্লোবাল, ইউএসএ ও এশিয়ার গ্রুপ প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম, র্যানকন মোটরবাইকসের সহকারী ব্যবস্থাপক সাফাত ইশতিয়াক, সেমস্ বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও বিপণন প্রধান নঈম শরিফ।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রদর্শনীগুলো একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ফলে এসব প্রদর্শনীতে দেশের ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন।
প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সেমস্ গ্লোবাল ১৯৯২ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সংস্থাটি বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশে নিজস্ব অফিস পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।