ঢাকায় আরও দুটি কাস্টমস ও ভ্যাট কমিশনারেট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব খাতে সম্প্রসারণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় আরও দুটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গঠন করা হয়েছে। আজ রোববার থেকে এই দুটি কমিশনারেটের কার্যক্রম শুরু হবে। ঢাকা (পূর্ব) ও ঢাকা (পশ্চিম) নামে এই দুটি কমিশনারেট কাজ করবে। এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।১ ডিসেম্বর অবিভক্ত ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের কমিশনার আবদুল কাফী নবগঠিত ঢাকা (পূর্ব) ও ঢাকা (পশ্চিম) কমিশনারেটের নিজ নিজ অধিক্ষেত্র, জনবল, রাজস্ব লক্ষ্যমাত্রা, যানবাহন, নথিপত্র ও অন্যান্য বিষয় হস্তান্তর করেন। নবগঠিত ঢাকার (পূর্ব) কমিশনার ফৌজিয়া বেগম ও ঢাকার (পশ্চিম) অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান নিজ নিজ পক্ষে এসব দায়িত্ব নেন। একই অনুষ্ঠানে ঢাকার (দক্ষিণ) কমিশনার আবদুল কাফী ঢাকা (উত্তর) কমিশনারেটের যুগ্ম কমিশনার কাজী তৌহিদা আখতারের কাছ থেকে তেজগাঁও সার্কেল-১ ও তেজগাঁও সার্কেল-৩-এর দায়িত্ব নেন। রাজধানীর কাকরাইলে দক্ষিণ কমিশনারেটের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে পুনর্গঠিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ঢাকা (দক্ষিণ) ও ঢাকা (উত্তর) এবং নবগঠিত ঢাকা (পূর্ব) ও ঢাকার (পশ্চিম) অধিক্ষেত্র নতুনভাবে চিহ্নিত করে। আগের ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের নরসিংদী বিভাগ, সিদ্ধিরগঞ্জ বিভাগ ও সূত্রাপুর বিভাগ নিয়ে ঢাকা (পূর্ব) কমিশনারেট সৃষ্টি হয়। এ ছাড়া ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের মোহাম্মদপুর সার্কেলকে নবগঠিত ঢাকা (পশ্চিম) কমিশনারেটে ন্যস্ত করার পাশাপাশি ঢাকা (উত্তর) কমিশনারেটের তেজগাঁও সার্কেল-১ ও তেজগাঁও সার্কেল-৩-কে ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়।