ঢাকায় আসছে হোটেল ডুসিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরায় আগামী বছর চালু হতে যাচ্ছে থাইল্যান্ডের চার তারকা হোটেল চেইন ডুসিট ইন্টারন্যাশনাল। বাংলাদেশে এই হোটেলের ফ্র্যাঞ্চাইজি হয়েছে দেশীয় প্রতিষ্ঠান লেকশোর হোটেল। এ জন্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে গতকাল বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চার তারকা নতুন হোটেলটির নাম ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডুসিট ইন্টারন্যাশনালের প্রধান পরিচালন কর্মকর্তা লিম বুন কুই। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন লেকশোর হোটেলস গ্রুপের নির্বাহী পরিচালক আতিক রাহমান, লেকশোর হোটেলের ব্যবস্থাপনা পরিচালক কাজী তারেক শামস, ডুসিট ইন্টারন্যাশনালের ব্যবসায় উন্নয়ন বিভাগের পরিচালক আনতে বারিক প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার উত্তরায় ১৩ তলা এই হোটেলে মোট ৯০টি কক্ষ থাকবে। এ প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ১৫০ কোটি টাকা।
লিম বুন কুই বলেন, বাংলাদেশে হোটেল ব্যবসায় লেকশোরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর সঙ্গে ডুসিটের অভিজ্ঞতা যোগ হলে তা এ দেশে হোটেল ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে।
লেকশোর হোটেলের ব্যবস্থাপনা পরিচালক কাজী তারেক শামস বলেন, ১৫ বছর ধরে ঢাকায় দুটি উচ্চ-মধ্যম পর্যায়ের হোটেল চালাচ্ছে লেকশোর। ডুসিট প্রিন্সেস ব্র্যান্ডের নতুন হোটেল পরিচালনার দায়িত্ব পেয়ে লেকশোর হোটেল গর্বিত।
ডুসিট ইন্টারন্যাশনালের বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ২৯টি হোটেল রয়েছে।