ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু ১২ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণেই মূলত তিনি পাঁচ দিনের এ সফরে আসছেন।
কৌশিক বসু ১৩ ডিসেম্বর বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লোকবক্তৃতা করবেন। তাঁর বক্তৃতার বিষয় ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’। তিনি সফরকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি দেশের বেসরকারি খাতের ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।
কৌশিক বসু ১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনার পর লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন এ প্রথিতযশা বাঙালি অর্থনীতিবিদ। ২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেন। উন্নয়নশীল দেশগুলো থেকে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ পদে অধিষ্ঠিত হন। এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
কৌশিক বসু ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন তাঁর একাডেমিক উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। অর্থনীতির যুক্তিতর্ক ও গল্প বাংলা ভাষায় লিখিত কৌশিক বসুর একটি বিখ্যাত বই। তাঁর লেখা একাধিক বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। কৌশিক বসু মূলত উন্নয়ন অর্থনীতি, কল্যাণ অর্থনীতি ও শিল্প খাত নিয়ে কাজ করে থাকেন।