ঢাকায় ইউএস ট্রেড শো শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২৬তম বার্ষিক ইউএস ট্রেড শো। আয়োজক আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হবে তিন দিনের এ প্রদর্শনী। এতে অংশ নেবে দেশটির ৪৬টি প্রতিষ্ঠান। এবার প্রথমবারের মতো এ প্রদর্শনীতে আসছে ডায়াগনস্টিক অটোমেশন, ইলেকট্রো ভয়েস, প্যারা সাউন্ড ও পেওনার ইনক নামের চার প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও অ্যামচেম সভাপতি মো. নুরুল ইসলাম। সোনারগাঁও হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যামচেমের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ কামাল ও আমেরিকান দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর জিম টন।

সংবাদ সম্মেলনে আর্ল রবার্ট মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বিশেষ করে জ্বালানি খাতে। আমি এ নিয়ে কাজ করতে ভালোবাসি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার (জিএসপি) বিষয়ে আর্ল রবার্ট মিলার বলেন, এ নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শ্রমিক অধিকার নিয়ে বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে।

অ্যামচেম সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য এ প্রদর্শনী একটা বড় সুযোগ। এতে যোগ দিয়ে তাঁরা দেশে বিনিয়োগ সম্পর্কে জানতে পারবেন।
সাবেক সভাপতি আফতাবুল ইসলাম বলেন, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের অনেক পণ্যের ব্যবসা রয়েছে। শুধু সরকারি উদ্যোগে এ বিনিয়োগ আসবে না, এ জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

এতে জানানো হয়, প্রদর্শনীতে অ্যাপল, সিসকো, ডেল, মাস্টারকার্ড, পেপসিকো, বার্গার কিং, কোকাকোলা, ভিসা ওয়ার্ল্ডওয়াইডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কসমেটিক ও খাদ্য পণ্য প্রতিষ্ঠান অংশ নেবে।