ঢাকায় ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধি কার্যালয়ের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে তার প্রতিনিধি কার্যালয় চালু করেছে। ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে গতকাল বুধবার কার্যালয়টি উদ্বোধন করা হয়।ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস সি গুপ্ত বলেছেন, সম্প্রতি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে যে বৈঠক হয়েছে, এর কারণে বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে বড় ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালু হবে। দুই দেশের মধ্যে এই বাণিজ্য যোগাযোগের ক্ষেত্রে তাঁদের ব্যাংক সহায়তাকারীর ভূমিকা পালন করবে।সকালে ব্যাংকের প্রতিনিধি কার্যালয় উদ্বোধনের পর বিকেলে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্র। এ সময় ভারতীয় দূতাবাসের প্রথম সচিব সুশীল সিংহল, ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস সি গুপ্ত এবং নির্বাহী পরিচালক টি এম ভাসিন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয় মাস থেকে দুই বছরের মধ্যে অগ্রগতি দেখে এই প্রতিনিধি কার্যালয়কে শাখায় উন্নীত করা হবে। আর প্রতিনিধি কার্যালয় থাকাকালে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কোনো বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিয়ে লেনদেন সারতে কার্যক্রম চালানো হবে। সে ক্ষেত্রে ঋণপত্রের মাধ্যমে অর্জিত কমিশন বাণিজ্যিক ব্যাংক ও প্রতিনিধি কার্যালয়টি ভাগাভাগি করে নেবে।এস সি গুপ্ত বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিপুল ব্যবসা-বাণিজ্য রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে এ ব্যবসার পরিমাণ সবচেয়ে বেশি। আর ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার ৯৫৬টি শাখা রয়েছে সীমান্তের ওপারে ওই অঞ্চলে। ব্যাংকটির সর্বমোট শাখা হচ্ছে এক হাজার ৫০৫টি।এই ব্যাংক ১৯৫০ সালে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের দুটি ব্যাংকসহ মোট চারটি ব্যাংকের সমন্বয়ে গঠিত হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।