ঢাকায় ইন্দো-বাংলা বাণিজ্য মেলা হবে আগামী মে মাসে
ঢাকায় তিন দিনব্যাপী ভারত ও বাংলাদেশের পণ্য নিয়ে একটি বাণিজ্য মেলা আগামী বছরের মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১১’ শীর্ষক এ মেলাটি অনুষ্ঠিত হবে।মূল আয়োজক ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)। এ ছাড়া মেলা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস (সিআইআই) ও ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)।সম্প্রতি ঢাকাস্থ আইবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার ব্যবস্থাপনাসংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইবিসিসিআইয়ের সহসভাপতি ও মেলা উপকমিটির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমদ এবং টিমসের প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুল আলম। এ সময় আইবিসিসিআইয়ের সচিব জাহাঙ্গীর বিন আলম, এশিয়ান পেইন্টসের কান্ট্রি ম্যানেজার ইন্দ্রজিত লাহিড়িসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্যোক্তারা জানিয়েছেন, মেলায় আয়োজনের পাশাপাশি উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক বৈঠকের সুযোগ থাকবে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ওপর একাধিক সেমিনারের আয়োজন করা হবে।