ঢাকায় এক ছাদের নিচে তিন নরডিক দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অবস্থিত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন দূতাবাস জুলাই মাস থেকে এক সঙ্গে নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে। আজ মঙ্গলবার দূতাবাস তিনটির পক্ষ থেকে যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সহায়তা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই নতুন নরডিক দূতাবাস বাংলাদেশ ও নরডিক দেশগুলো মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এই নতুন দূতাবাস তিন দেশের যৌথ অভিব্যক্তি ও যৌথ প্রতিনিধি হবে।

এ বিষয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এস্কায়ের বলেন, ‘এই তিন নরডিক দেশ উদ্ভাবন ক্ষমতা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই ব্যবসা ও সমাজ পদ্ধতির জন্য বিশ্বব্যাপী সমাদৃত। নতুন নরডিক দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আমাদের সক্ষমতা কাজে লাগানোর যৌথ প্রচেষ্টা আরও জোরদার হবে।’

নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুন্ডেমু বলেন, ‘নরডিক দেশগুলোর মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি একটি প্রতিষ্ঠিত যৌথ ব্র্যান্ড। বৈদেশিক নীতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশে যৌথ নরডিক দূতাবাস স্থাপিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি খুবই আনন্দিত যে আমরা বাংলাদেশে যৌথ প্রতিনিধিত্বের একটি সফল কাঠামো তৈরি করতে পেরেছি এবং আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে এর পূর্ণ সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত আছি।’

সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল যোগ করেন, ‘ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং সামাজিকতায় অনেক সাদৃশ্য রয়েছে। এ ছাড়াও আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক কল্যাণ ব্যবস্থা, জেন্ডার সমতা, রপ্তানি ভিত্তিক ও বাণিজ্যমুখী নীতিতে ঐকমত্য রয়েছে। এক ছাদের নিচে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে একক নরডিক দূতাবাস হিসেবে একত্রে কাজ করার একটি বড় সুযোগ তৈরি হবে।’

এরই মধ্যে ডেনমার্ক ও নরওয়ের দূতাবাস নতুন ঠিকানা থেকে কার্যক্রম পরিচালনা করছে। সুইডেন দূতাবাস ১ থেকে ১২ জুলাই দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করবে।

নতুন নরডিক দূতাবাসের ঠিকানা:
বে’স এজওয়াটার, ৬ তলা, প্লট এনই(এন) ১২, নর্থ অ্যাভিনিউ গুলশান ২, ঢাকা-১২১২।