ব্যাংকবহির্ভূত কোনো আর্থিক প্রতিষ্ঠান ঢাকায় একটি শাখা খুলতে চাইলে ঢাকার বাইরে অন্তত দুটি শাখা তাকে খুলতে হবে। এত দিন ঢাকায় দুটি শাখা খুললে ঢাকার বাইরে একটি শাখা খুলতে হতো।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনাটি আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
তবে যেসব আর্থিক প্রতিষ্ঠানের মোট শাখা তিনটির কম রয়েছে, তারা ঢাকায় তিনটি পর্যন্ত শাখা খোলার আবেদন করতে পারবে। পরবর্তী সময় তাদের বাইরে ছয়টি শাখা খোলা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ঢাকা ও ঢাকার বাইরে নতুন শাখা স্থাপনে অনুপাত হবে ১:২। এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে ঢাকায় নতুন শাখা খোলার অনুমতি দেওয়া হবে না।
নতুন শাখা খোলার ক্ষেত্রে পর্ষদের অনুমোদন, তিন বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী, প্রস্তাবিত শাখার তিন বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের প্রক্ষেপণ, শাখার জন্য অফিস স্থান ও সাজসরঞ্জাম সংগ্রহে প্রধান নির্বাহী বা পরিচালকদের স্বার্থসংশ্লিষ্টতার বিষয়ে ঘোষণা দিতে হবে।