ঢাকায় এপিজি সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিংয়ের (এপিজি) ১৯তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও অর্থ পাচার রোধে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা হলো এপিজি। সংস্থাটির ওয়েবসাইটে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এপিজির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাটি আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সময়সহ অনুষ্ঠানের বিস্তারিত শিগগির জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২৩ জুলাই থেকে ঢাকার র্যাডিসন হোটেলে ছয় দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ২০১৫ সালের জুলাইয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে এপিজির ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সভায় ৪১টি দেশের প্রতিনিধি, ২৮টি আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকসহ প্রায় ৪০০ বিদেশি পর্যবেক্ষকের অংশ নেওয়ার কথা ছিল।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘গুলশানের ঘটনায় বিভিন্ন দেশ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। এ কারণে সভাটি স্থগিত হয়েছে।’ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এপিজির সঙ্গে সমন্বয়, তদারকি ও এ-সংক্রান্ত তথ্য বিনিময়সহ সুনির্দিষ্ট বিষয়ে কাজ করে থাকে বিএফআইইউ।