ঢাকায় কটন ফেস্ট শনিবার
প্রথমবারের মতো ঢাকায় এক দিনের ‘বাংলাদেশ-ভারত কটন ফেস্ট’ হচ্ছে। আগামী শনিবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই কটন ফেস্টের আয়োজন করছে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ ও ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন।
রাজধানীর পান্থপথে বিটিএমএ কার্যালয়ে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিটিএমএর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী। তিনি বলেন, দেশের স্পিনিং মিলগুলোর প্রয়োজনীয় ৪৯ শতাংশ তুলাই বর্তমানে ভারত থেকে আসে। গত বছর দেশটি থেকে ২৯ লাখ বেল তুলা আমদানি হয়েছে।
তপন চৌধুরী বলেন, ‘ভারত আমাদের তুলার অন্যতম উত্স হিসেবে পরিণত হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে, ভারত থেকে দ্রুততম সময়ে তুলা পাওয়া যায়, দামে সস্তা। মানও মোটামুটি সন্তোষজন। তবে ভারত থেকে তুলা আমদানিতে প্রায়ই বিভিন্ন সমস্যা হয়। যেমন মাঝেমধ্যে পূর্ব ঘোষণা ছাড়াই তুলা রপ্তানি বন্ধ, অনেক ক্ষেত্রে ঘোষিত দামে তুলা না দেওয়া ইত্যাদি। এসব সমস্যা এড়াতেই মূলত কটন ফেস্টের আয়োজন করা হচ্ছে।’
আয়োজনটির পোশাকি নাম ফেস্ট বা উত্সব হলেও এটি মূলত দিনব্যাপী সম্মেলন। এতে নয়টি অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। রেডিসন হোটেলে আগামী শনিবার সকালে আয়োজনটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে সহযোগিতায় আছে, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সংবাদ সম্মেলনে তপন চৌধুরী বলেন, কটন ফেস্টে বেশ কয়েকটি অধিবেশনে ভারতের তুলা উত্পাদক, নিয়ন্ত্রক ও সরবরাহকারীসহ বাংলাদেশে তাদের এজেন্টরা উপস্থিত থাকবেন। এতে দেশের বস্ত্রকলের মালিকেরা তাঁদের সঙ্গে সরাসরি আলোচনা করে ভারতের মানসম্পন্ন তুলা প্রতিযোগিতা মূল্যে কীভাবে আমদানি করা যায়, সে সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে ভারতীয় তুলার মধ্যে কী সমস্যা আছে ও সমাধানে কী করণীয়, সে বিষয়ে পরামর্শ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী আলী, বিটিএমএর সহসভাপতি ফজলুল হক ও আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।