ঢাকায় কাল থেকে মার্কিন পণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী মার্কিন পণ্যের প্রদর্শনী ‘২৪তম ইউএস ট্রেড শো’ আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে ঢাকার মার্কিন দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)। কাল সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রতিষ্ঠানের ৬৪টি বুথ থাকবে। তিন দিনের এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে স্কুলের নির্ধারিত পোশাকে ছাত্রছাত্রীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে র‌্যাফল ড্রর আয়োজনও রাখা হয়েছে এবারের মেলায়। এতে প্রথম পুরস্কার থাকছে দুজনের ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমানের টিকিট, দ্বিতীয় পুরস্কার থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা ও তৃতীয় পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট। বোয়িং, পেপসি, কোকা-কোলা, ফোর্ড, মেটলাইফ, মাস্টারকার্ড, ডেল, শেভরন, মাইক্রোসফট, এইচপি, থ্রিএমের মতো খ্যাতনামা মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের স্টল থাকছে প্রদর্শনীতে।

সংবাদ সম্মেলনে ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর আন্দ্রেয়া ব্রুলেট রডরিগেজ বলেন, ২৪ বছর আগে এই মেলা শুরুর সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলার। ২০১৫ সালে এ বাণিজ্য বৃদ্ধি পেয়ে ৭ বিলিয়ন ডলার হয়েছে।

গত বছর এ মেলায় ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিলেও এবার কেন ৪০টি অংশ নিচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যামচ্যামের সচিব আশিকুর রহমান বলেন, এ মেলাটি রূপসী বাংলা হোটেলে বড় পরিসরে আয়োজিত হতো। সোনারগাঁও হোটেলে জায়গা কম থাকায় ও দর্শনার্থীদের হাঁটাচলায় স্বস্তি দিতে এবার প্রতিষ্ঠানের সংখ্যা কমানো হয়েছে।