
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু এখন ঢাকায়। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে এ প্রথিতযশা এই বাঙালি অর্থনীতিবিদ পাঁচ দিনের এক সফরে গতকাল শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
কৌশিক বসু আজ রোববার বেলা তিনটায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে লোকবক্তৃতা করবেন। তাঁর বক্তৃতার বিষয় ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’।
সফরকালে কৌশিক বসু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেবেন। এর আগে ১৯৯২ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আমন্ত্রণে তিনি সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন।
কৌশিক বসু ১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল ও দিল্লির সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনা করেন। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তত্ত্বাবধানে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। ২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। কৌশিক বসু ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
দুর্নীতির যুক্তি তর্ক ও গল্প বাংলা ভাষায় লিখিত কৌশিক বসুর একটি বিখ্যাত বই। তিনি মূলত উন্নয়ন অর্থনীতি, কল্যাণ অর্থনীতি ও শিল্প খাত নিয়ে কাজ করেন।