ঢাকায় চালু হলো রাজস্ব বিষয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম
রাজধানীর চারটি কর অঞ্চলে আয়কর ও মূল্য সংযোজন কর নির্ধারণের ক্ষেত্রে আপত্তি কিংবা এ নিয়ে বিরোধজনিত বিচারাধীন রাজস্ব মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে নিরসন করা যাবে। আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়কর-সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পত্তিতে আপাতত কর অঞ্চল-১ ও বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) আয়করদাতারা এবং মূসক-সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ কমিশনারেট ও এলটিইউর মূসকদাতারা এই পদ্ধতির সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য কর অঞ্চলকেও এই সুবিধার আওতায় আনা হবে।এর আগে গত ১ মার্চ থেকে একইভাবে চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্ক-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই বিকল্প পদ্ধতি চালু করা হয়। এই পদ্ধতিতে প্রচলিত আদালতে না গিয়ে অনেকটা সালিসিপ্রক্রিয়ায় কর বা রাজস্ব-সংক্রান্ত বিরোধের সমাধান করা যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের সদস্য সৈয়দ আমিনুল করিম আয়কর-সংক্রান্ত এবং প্রথম সচিব আবদুর রউফ মূসক-সংক্রান্ত দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহম্মেদ। উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং আইএফসির প্রতিনিধি মাসরুর রিয়াজ।অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ব্যবসায়ীরা লাভবান হবেন। এটি কোনো বিচার নয়, বরং উভয় পক্ষের সম্মতিতে বিরোধ নিষ্পত্তি করা হবে। কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না।’ এ জন্য সহায়তাকারী প্যানেলের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এই পদ্ধতিতে ব্যবসায়ীদের অসুবিধা হলে সরকার তা বিবেচনা করবে। তিনি নিষ্পত্তির জন্য নির্ধারিত মাশুল পুনর্নির্ধারণেরও পরামর্শ দেন।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘আয়কর-সংক্রান্ত ফরম সহজ ও সংক্ষিপ্ত করা দরকার।’ তিনি রাজস্ব-সংক্রান্ত মামলায় অনির্ধারিত সময়ের জন্য স্থিতাবস্থা না রাখার পক্ষে মত দিয়ে বলেন, তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে ব্যবসায়ীরা আগ্রহী হবেন।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, ‘আদালতে রাজস্ব মামলা ঝুলে থাকার কারণে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হচ্ছে। ভালো ব্যবসায়ীরা চান না, আদালতে মামলা থাকুক। এতে ব্যবসায়ীদের টেনশন বাড়ে।’ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালুর দাবি করে আসছেন। এ ব্যবস্থা না থাকলে বিদেশি বিনিয়োগকারী কোনো দেশে বিনিয়োগ করতে আগ্রহী হন না। তাঁরা তাঁদের বিনিয়োগের নিরাপত্তা চান।’এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিটি হলো সরকারি-বেসরকারি অংশীদারির একটি প্রকৃষ্ট উদাহরণ।’ তিনি আবেদনকারীর মাশুল পুনর্নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেন। প্রক্রিয়া:কর নির্ধারণ বা কর পুনর্নির্ধারণের বিরুদ্ধে আপিল দায়ের হয়নি—এমন ক্ষেত্রে আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবার আপিলে বিচারাধীন বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বা বোর্ডের অনুমোদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদন করা যাবে। রাজস্ব আপত্তির পরিমাণ অনুযায়ী বিভিন্ন হারে মাশুল দিয়ে এই আবেদন করতে হবে। কর নির্ধারণ বা পুনর্নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনারেটে আর আপিলে বিচারাধীন মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের রেজিস্ট্রার বা বেঞ্চে আবেদন দাখিল করতে হবে।এই আবেদন প্রাপ্তির পর বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গঠিত সহায়তাকারী প্যানেল এক থেকে দুই মাসের মধ্যে তা নিষ্পত্তি করবেন। ইতিমধ্যে ১২ সদস্যবিশিষ্ট সহায়তাকারী প্যানেল গঠিত হয়েছে, যেখানে বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী, হিসাববিদ, অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তারা রয়েছেন। তবে বর্তমানে কর্মরত কোনো রাজস্ব কর্মকর্তাকে এই প্যানেলে রাখা হয়নি। শুনানি বা আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হবে। তবে আয়কর বা মূসক বিভাগ বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে যেতে পারবে না। শুধু করদাতারাই এই সুযোগ নিতে পারবেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি হবে উভয় পক্ষের সম্মতিতে। বিশ্বব্যাংক গোষ্ঠীর ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এই বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালু করা হয়েছে।গতকালের অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টকে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের প্রথম আবেদনকারী হিসেবে ঘোষণা দেওয়া হয়।