ঢাকায় জানুয়ারিতে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আগামী বছরের জানুয়ারিতে চার দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি সাড়ে তিন শতাধিক স্টল থাকবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্লাস্টিক মেলা যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। বিপিজিএমইএ কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, সহসভাপতি মোসাদ্দেকুর রহমান, কাজী আনোয়ারুল হক প্রমুখ। সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক মেলায় যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারীসহ দেশে ব্যবহূত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের নতুন পণ্য নিয়ে মেলায় আসবে। এছাড়া প্রতিবারের মতো একাধিক সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও ক্রেতা-বিক্রেতার বৈঠক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানান সভাপতি।