ঢাকায় ডাক বিভাগের ই-কমার্স সেবা
ঢাকা মেট্রোপলিটন এলাকায় পণ্য পরিবহনে পোস্ট ই-কমার্স নামে নতুন সেবা চালু করেছে ডাক বিভাগ। কেন্দ্রীয় পোস্ট অফিসে (জিপিও) গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বেসরকারি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সঙ্গে যুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে ঢাকায় এই প্রকল্প চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
অনুষ্ঠানে জানানো হয়, ই-ক্যাবের সদস্যরা অনলাইনের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছেন। ঢাকায় তাঁদের পণ্য পরিবহনের কাজটি করবে ডাক বিভাগ। প্রাথমিকভাবে ঢাকার ১১টি সাব-পোস্ট অফিস থেকে পণ্য গ্রহণ ও ২১টি সাব-পোস্ট অফিস থেকে পণ্য বিতরণ করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে তারানা হালিম বলেন, সারা দেশে ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিস রয়েছে। ক্রমান্বয়ে সব ডাকঘরে ই-কমার্স সেবা চালুর মাধ্যমে এগুলোকে আরও কার্যকর করা হবে। ই-কমার্স পোস্ট অফিসের চেহারা পাল্টে দেবে। এটা হবে ডাক বিভাগের আয়ের প্রধান উৎস। প্রতিমন্ত্রী জানান, পণ্য পরিবহনের জন্য জানুয়ারির মধ্যে ডাক বিভাগের ১৮টি গাড়ি রাস্তায় নামবে, যার ২০ শতাংশ চালক থাকবেন নারী।