অর্থমন্ত্রীর সভাপতিত্বে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬–এর উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড মেলা আগামী মাসে
ঢাকায় তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা (আইটি এক্সপো) হতে যাচ্ছে আগামী মাসে। ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ নামের এ মেলার আয়োজন দেশে তৃতীয়বারের মতো। এবারের স্লোগান ‘ননস্টপ বাংলাদেশ’ (বাংলাদেশ থামবে না)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ১৯, ২০ ও ২১ অক্টোবর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসবে মেলাটি। এতে ৪০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরবে। মেলার যৌথ আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এটুআই কর্মসূচি।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬-এর উপদেষ্টা কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ মোট আটজন মন্ত্রী উপস্থিত ছিলেন। এবারের মেলা আয়োজনের জন্য গঠিত ১৬ সদস্যের উপদেষ্টা কমিটির সভাপতি অর্থমন্ত্রী।
বৈঠকে বেসিসের সহসভাপতি রাসেল টি আহমেদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সফটওয়্যার, ই-গভর্ন্যান্স, মোবাইল উদ্ভাবন, ফেসবুক, ই-কমার্স, ই-হেলথ, স্টার্টআপ জোন ছাড়াও তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হবে মেলায়।
বৈঠকে জানানো হয়, এবারের মেলায় প্রায় ৫০ জন বিদেশি আইসিটি বিশেষজ্ঞ অংশ নেবেন। সমাগম হতে পারে তিন লাখ দর্শনার্থীর। এবারের আয়োজনের খরচ ধরা হয়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকা। গত বছর খরচ হয়েছিল ৯ কোটি ৫৪ লাখ টাকা।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা ১৯৯৬ সালে কম্পিউটারের দাম কমানোর ব্যবস্থা করেছিলেন। আর ২০০৯ সালে তিনি ‘ডিজিটাল’ কথাটা বলেছেন। বিরোধী পক্ষ তখন মশকরা করেছিল। অথচ এর ছোঁয়া এখন গ্রামপর্যায়ে পৌঁছে গেছে, যা বিশ্বেও আলোড়ন সৃষ্টি করেছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হলো এই ডিজিটাল ওয়ার্ল্ড। তাঁর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তিনি মনে করেন, পোশাক রপ্তানিতে ৫ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয়ের সমান সফটওয়্যার রপ্তানিতে ৫০০ কোটি ডলার আয়।
জাতীয় নির্বাচনে ভোটিং সিস্টেমকে ডিজিটাইজ করার ওপর গুরুত্বারোপ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
ঘরে বসে ট্রেনের টিকিট কাটা যায়—এ তথ্য উল্লেখ করে রেলমন্ত্রী মুজিবুল হক এবারের মেলায় তাঁর মন্ত্রণালয়ের নেওয়া ডিজিটাল কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সরকার কতটুকু ডিজিটাল সেবা দিচ্ছে, জনগণ তা জানে না। কোন মন্ত্রণালয় কী কী সেবা দিচ্ছে তার তালিকা থাকা উচিত। তিনি বলেন, বড় হুমকি এখন সাইবার ক্রাইম। তা মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলোও জনগণকে জানানো উচিত।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এখন আর আলাদা ব্র্যান্ড খোঁজার দরকার নেই, ডিজিটাল বাংলাদেশ নিজেই একটি ব্র্যান্ড।
বৈঠকে জানানো হয়, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ববাজারে বাংলাদেশ একটি অগ্রগামী দেশ এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার উৎস হিসেবে পরিচিত। তথ্যপ্রযুক্তি খাতে ২০১৪ সালে ২৫ কোটি ডলার রপ্তানি আয় হয়েছিল। বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
দেশের জনগণ, বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গত সাড়ে সাত বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে এবং আগামী দিনে কোথায় যেতে চায় সে বিষয়গুলো এবারের মেলায় তুলে ধরা হবে। মেলায় ৩৫০টির মতো স্টল থাকবে যার মধ্যে ১০০টি সরকারি। এতে সেমিনার করা হবে ২৫টির মতো।