ঢাকায় ডিসেম্বরে দক্ষতা সম্মেলন
ঢাকায় দুই দিনব্যাপী স্কিল সামিট বা দক্ষতা সম্মেলন আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সম্মেলন কক্ষে দক্ষতা সম্মেলনের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়, রাজধানীর সোনারগাঁও হোটেলে দক্ষতা সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিন বাংলাদেশে শোভন কর্মসংস্থানের জন্য দক্ষতা, যুব কর্মসংস্থান, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিন শোভন কাজের সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, শিল্পকারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক যোগাযোগে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায় এসব বিষয়ে আলোচনা হবে।
প্রস্তুতি সভায় শ্রমসচিব মিকাইল শিপার, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপপরিচালক গগন রাজভান্ডারিসহ বিভিন্ন দাতা সংস্থা, বিজিএমইএ, বিকেএমইএ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।