ঢাকায় ডেনিম ও জিনস প্রদর্শনী শুরু
ঢাকায় দুই দিনের ডেনিম ও জিনস পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বুধবার। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হাল ফ্যাশনের জিনস প্যান্ট, ডেনিম কাপড় ও পোশাক এবং সরঞ্জাম প্রদর্শন করছে। রাজধানীর র্যা ডিসন হোটেলে এই প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিমস অ্যান্ড জিনস ডট কম।
সপ্তমবারের মতো এ ডেনিম ও জিনস প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিমস অ্যান্ড জিনস ডট কম। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, তুরস্ক, চীন, জার্মানি, পাকিস্তান, হংকংসহ বিভিন্ন দেশের ২৮টি প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে আছে গুচি, ডিঅ্যান্ডজি, টমি হিলফিগার, র্যা ঙ্গলারসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডও।
ডেনিমস অ্যান্ড জিনস ডট কমের প্রতিষ্ঠাতা সন্দীপ আগরওয়াল বলেন, প্রদর্শনীর বড় উদ্দেশ্য কম মূল্যের মানসম্মত ডেনিম পোশাক সরবরাহে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রেতাদের আরও বেশি করে তুলে ধরা।
শেষ দিনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী। তবে নিবন্ধিত দর্শনার্থীরাই প্রদর্শনীতে প্রবেশের অনুমতি পাবেন।