রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে মার্কিন পণ্য ও সেবাসামগ্রীর তিন দিনব্যাপী এক প্রদর্শনী। ‘ইউএস ট্রেড শো ২০১০’ শীর্ষক এ প্রদর্শনী ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে।আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বাংলাদেশে মার্কিন দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে যুক্তরাষ্ট্রের ৭২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।বৃহস্পতিবার সকালে প্রদর্শনী উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম উপস্থিত থাকবেন।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের বাণিজ্য ও অর্থনৈতিক বিভাগের প্রধান হেতিয়ার ভারিয়াভা এবং অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর উপস্থিত ছিলেন।আফতাব-উল ইসলাম বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৩০০ কোটি ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। বাণিজ্যে ভারসাম্য আনতে হলে যুক্তরাষ্ট্রের পণ্যের বাজার বাড়াতে হবে। এ ছাড়া বাংলাদেশে ১৫ কোটি লোকের বাজার রয়েছে। ফলে মেলায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বাজার বাড়াতে আসবে না। তারা এ দেশে বিনিয়োগের মাধ্যমে পণ্য উত্পাদনের সম্ভাব্যতা দেখবে।আফতাব-উল ইসলাম আরও জানান, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে ব্যবসায়িক পরিবেশ অনুকূল থাকবে। এতে তিন-চার বছরের মধ্যে দেশের অর্থনৈতিক আমূল পরিবর্তন হয়ে যাবে।মার্কিন দূতাবাসের বাণিজ্য ও অর্থনৈতিক বিভাগের উপপ্রধান হেতিয়ার ভারিয়াভা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ কিছুটা কমলেও বড় ধরনের কোনো বিরূপ প্রভাব পড়েনি। তবে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় বিনিয়োগকারী বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীটি ১৯তম। এতে যুক্তরাষ্ট্রের ৭২টি প্রতিষ্ঠান ১৩৫ বুথে পণ্য প্রদর্শন করবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, পেপসিকো ইন্টারন্যাশনাল, কোকাকোলা, জেরক্স, মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল, ভিসা কার্ড ইন্টারন্যাশনাল, ফোর্ড মোটর কোম্পানি, আইবিএম, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, জর্দানা কসমেটিকস, ওয়াল স্ট্রিট ফিন্যান্স, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সানফ্রানসিসকো বিশ্ববিদ্যালয় প্রভৃতি।প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনীতে প্রত্যেক দর্শনার্থীকে ২০ টাকা প্রবেশ ফি দিতে হবে; তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো প্রবেশ ফি লাগবে না।