ঢাকায় তিন দিনব্যাপী মোটরসাইকেল প্রদর্শনী শুরু
ঢাকায় তিন দিনব্যাপী মোটরসাইকেল প্রদর্শনী গতকাল সোমবার শুরু হয়েছে। প্রথম দিনেই দর্শক-ক্রেতার ভিড়ে জমে উঠেছে প্রদর্শনীটি। রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ওয়ালটন ১ম মোটরবাইক শো’ শীর্ষক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আরতোরো পেরেজ মার্টিনিজ। এ সময় ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান, হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।প্রদর্শনীতে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পাশাপাশি মোটরবাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাজাজ (পালসার), ইয়ামাহা, হিরো হোন্ডা, ফ্রিডম, ডায়ায়ং, টিভিএস, হোন্ডা, ডাইয়ুমসহ ওয়ালটনের বিভিন্ন মডেলের মোটরবাইক পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে। এ ছাড়া ভারত, চীন, কোরিয়া এবং জাপানের কিছু বহুজাতিক অটোমোবাইল ও মবিল কোম্পানিও প্রদর্শনীতে নিজ নিজ ব্যান্ড তুলে ধরতে কাজ করছে।প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ ছাড় এবং পুরস্কার দেওয়া হচ্ছে। ওয়ালটন মোটরসাইকেল ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি সুদৃশ্য মোবাইল ফোনসেট এবং নগদ টাকার ছাড়। প্রদর্শনীটি আগামীকাল বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা ধার্য করা হয়েছে।মেলায় দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন তাদের বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইক দর্শক ও ক্রেতাদের কাছে তুলে ধরতে পারছে। এর ফলে বাংলাদেশেই মোটরবাইকের চাহিদা বাড়বে বলে আশা করছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বহির্বিশ্বেও বাংলাদেশের তৈরি মোটরসাইকেলের বাজার সম্প্রসারণ হওয়ার সুযোগ রয়েছে।