ঢাকায় তিন দিনের খাদ্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু নভোথিয়েটারের পাশে বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ খাদ্য উৎসব।উৎসবটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ভোক্তা-দর্শনার্থীদের জন্য এ উৎসবের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিভিড ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন ‘বাংলাদেশ ফুড ফেস্ট-২০১২’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে।এ উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভিভিডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামস আরেফিন, নির্বাহী পরিচালক সাদ আলভী ও রিফাত বিন নজরুল এবং পরিচালক তাসনিয়া আতিক। ভিভিডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে ভিন্ন ভিন্ন খাবারের চারটি জোন রয়েছে। এগুলো হলো: দ্য রেস্টুরেন্ট সিটি, মোগল রসুই, ডেজার্ট আইল্যান্ড ও ড্রিঙ্ক অ্যান্ড চিল। এসব জোনে ৪০টি স্টলে বিভিন্ন ধরনের মজাদার খাবার পাওয়া যাবে।উৎসবে ভোজনরসিকদের জন্য খাদ্য প্রতিযোগিতা, ব্যান্ড সংগীত ও ডিজে শোর আয়োজন রয়েছে। এ ছাড়া প্রতি ৩০ মিনিট পরপর মজাদার খাবার জেতারও সুযোগ রাখা হয়েছে। আগামীকাল শনিবার উৎসবটি শেষ হবে। শামস আরেফিন বলেন, ‘বাঙালির রসনা বিলাসের ঐতিহ্যময় ইতিহাস রয়েছে। মোগলদের মসলাযুক্ত আর বিলেতের কম মসলার খাবার এ দেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। সেই সঙ্গে খাদ্যমান ও পুষ্টিগুণসমৃদ্ধ এবং স্বাদে ভরপুর দেশীয় খাবারও বিশ্বে এক অতুলনীয় স্থান দখল করে আছে। এসব বিবেচনা করেই ভোজনরসিকদের জন্য এক জায়গাতেই সমাহার ঘটানো হয়েছে সব ধরনের খাবারের।’