ঢাকায় তিন দিনের গাড়ি প্রদর্শনী শেষ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী মোটরগাড়ি প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। মেলায় দেশি-বিদেশি ৬০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট লিমিটেড (সেমস) ‘পঞ্চম ঢাকা লুকাস মোটর শো-২০১০’ শীর্ষক এ মেলার আয়োজন করে। এই প্রদর্শনীর টাইটেল স্পন্সর করছে ‘লুকাস’।মেলায় প্রতিদিনই আগ্রহী ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ করা গেছে। একই স্থানে বিশ্বখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেওয়া ছিল ক্রেতা-দর্শকদের জন্য আকর্ষণ। এ ছাড়া বেশকিছু প্রতিষ্ঠান মূল্য ছাড় দেওয়ায় ক্রেতাদের বেশি করে আকৃষ্ট করেছে। মেলার আয়োজকেরা জানিয়েছেন, পঞ্চমবারের মতো আয়োজিত এই মোটরগাড়ি প্রদর্শনীতে বাংলাদেশের গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের বাজারের জন্য একটি আকর্ষণীয় প্রদর্শনী। এর মাধ্যমে ভোক্তারা নতুন নতুন গাড়ি ও যন্ত্রাংশের সঙ্গে পরিচিত হবে। তা ছাড়া বেশি শীর্ষস্থানীয় গাড়িনির্মাতা প্রতিষ্ঠান মেলায় কিছু কিছু নতুন গাড়ির মডেল বাংলাদেশের বাজারে উদ্বোধন করেছে। মেলায় দেশি-বিদেশি শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল পরিবেশক, আমদানিকারক ছাড়াও কয়েকটি ব্যাংক, লুব্রিকেটিং কোম্পানি, সিএনজি রূপান্তরকারী প্রতিষ্ঠান, গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক ও আমদানিকারকেরা প্রায় ২৫০টিরও বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। এবারের মেলায় টয়োটা, মিতসুবিশি, মার্সিডিজ বেনজ, নিশান, হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের গাড়ির বাজার প্রতিবছরই বাড়ছে। আর এ কারণেই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বাজার বাড়ানোর কৌশল হিসেবে এ মেলায় অংশ নিয়েছে। তা ছাড়া প্রতিবছরই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেলায় গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো ছাড় দিয়ে গাড়ি বিক্রি করেছে। মেলায় নাভানা পিকআপ সাড়ে ২৪ লাখ টাকা ও ব্লু-বার্ড সিলভি সাড়ে ২৬ লাখ টাকা, নিশান সানি ১৬ লাখ টাকা, হুন্দাই টুসন এসইউভি ২৪ লাখ টাকা, এইচ ওয়ান মাইক্রোবাস ২৪ লাখ টাকা, সোনাটা সেডান ৩২ লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।