ঢাকায় তিন দিনের ডাচ্ পণ্যের মেলা ২৭ অক্টোবর শুরু
রাজধানীতে তিন দিনব্যাপী ডাচ্ বাণিজ্য মেলা-২০১১ আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এ মেলা আয়োজন করছে। মেলা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)।মেলার বিস্তারিত জানাতে গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফনস হেনেকেনস, ডিবিসিসিআইয়ের সভাপতি মীর মো. ইমাম হোসেন, মেলা উপকমিটির চেয়ারম্যান আসিফ এ চৌধুরী ও টিমসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আলফনস হেনেকেনস বলেন, বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে নেদারল্যান্ড। এই বাণিজ্য মেলা দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মনযোগ আকর্ষণ করতে সমর্থ হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে জানানো হয়, মেলায় পানি ও পানি নিষ্কাশন, পানি ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ বাণিজ্য, প্যাকেজিং, সংরক্ষণ ও পরিবহনসহ বিভিন্ন লজিস্টিক্স সেবা, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র চলাচল, ওষুধ প্রস্তুতকারী ইত্যাদি খাত থেকে বিভিন্ন ডাচ্ কোম্পানি অংশ নেবে। মেলা চলাকালীন এক বড় ডাচ্ ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। বিজ্ঞপ্তি।