ঢাকায় তিন দিনের থাই পণ্যমেলা শুরু
রাজধানীর সোনারগাঁ হোটেলে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী থাই পণ্যমেলা শুরু হয়েছে।থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন দপ্তর (ডিআইটিপি) এবং বাংলাদেশে থাই দূতাবাস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মেলাটির উদ্বোধন করেন। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অনুষ্ঠানে ঢাকার থাই দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর উষা উইজারুন, বাংলাদেশ-থাই চেম্বারের সভাপতি এম এ মোমেন বক্তব্য দেন।বক্তারা বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শিল্প খাতে পারস্পরিক সহায়তা ও বিনিয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে জোর দিতে হবে দ্বিপক্ষীয় রপ্তানি বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে।অনুষ্ঠানে জানানো হয়, মেলায় থাইল্যান্ডের ৪৭টি প্রতিষ্ঠান গাড়ির সরঞ্জাম, নির্মাণ উপকরণ, ইলেকট্রনিক পণ্য, খাদ্যপণ্য, তৈরি পোশাক, ফ্যাশন অ্যাকসেসরিজ, উপহার ও সাজসজ্জ্বার সামগ্রী, স্বাস্থ্যসেবা ও রূপচর্চার পণ্য, গৃহস্থালীতে ব্যবহার্য পণ্য, চামড়া ও পাদুকা প্রদর্শন করছে।প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।