ঢাকায় তিন দিনের পর্যটন মেলা কাল শুরু
দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস হিসেবেই রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘বেস্ট এয়ার মনিটর ঢাকা ট্রাভেল মার্ট-২০১১’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ঢাকায় সোনারগাঁও হোটেলে এ মেলা বসতে যাচ্ছে। মেলায় স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।পর্যটনবিষয়ক স্থানীয় পত্রিকা বাংলাদেশ মনিটর এ নিয়ে অষ্টমবারের মতো এই মেলার আয়োজন করছে। দেশের বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ার এ মেলার টাইটেল স্পন্সর এবং ইস্টার্ন ব্যাংক এ মেলার ব্যাংকিং পার্টনার। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। এতে বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম, বেস্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকতা রিকি ডি. ফ্রিক এবং ইবিএলের বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম। মেলাটি আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। প্রদর্শনীর শেষ দিন প্রবেশ টিকিটের ওপর অনুষ্ঠিত হবে র্যাফল ড্র, যাতে থাকবে আকর্ষণীয় পুরস্কার।