ঢাকায় তিন দিনের পর্যটন মেলা ২০ অক্টোবর শুরু
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী ২০ অক্টোবর শুরু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) এ মেলার আয়োজন করছে। মেলার বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও বক্তব্য দেন বিএফটিডির চেয়ারম্যান হাকিম আলী, নির্বাহী পরিচালক রেজাউল একরাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উল্লাহ তালুকদার, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ও মেলার উন্নয়নবিষয়ক অংশীদার ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান।মেলায় ১৫টি দেশের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, হোটেল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, জাতীয় পর্যটন বোর্ড ও পর্যটন সেবা প্রদানকারী সংস্থা ছাড়াও বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রীরা অংশ নেবেন। মেলায় ২২৫টি স্টল থাকবে।