দরিদ্রতম দেশের দারিদ্র্য দূর করার উদ্দেশ্যে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর তৃতীয় অর্থাত্ সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালের মে মাসে ব্রাসেলসে। ঠিক এক দশক পর অর্থাত্ ২০১১ সালে তুরস্কে বসবে চতুর্থ এলডিসি সম্মেলন।আর তুরস্কের ওই সম্মেলন সামনে রেখে ১৮ থেকে ২০ জানুয়ারি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক এক আঞ্চলিক সম্মেলন বসছে ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।তৃতীয় এলডিসি সম্মেলনে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে ব্রাসেলস কার্যসূচি (ব্রাসেলস প্রোগ্রাম অব অ্যাকশনস) গ্রহণ করা হয়েছিল। ওই কার্যসূচির কতটুকু বাস্তবায়িত হয়েছে বা আগামী সম্মেলন শুরুর আগে এলডিসিভুক্ত দেশগুলোর করণীয়ই বা কী—এসব নিয়ে আলোচনা হবে ঢাকা সম্মেলনে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে প্লিনারি অধিবেশনে মূলত আলোচনা হবে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিভুক্ত দেশগুলোর জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জন নিয়ে। এ দেশগুলোতে ব্রাসেলস কর্মসূচির বাস্তবায়ন গত ১০ বছরে কেন হয়নি এবং এ বিষয়ে দেশগুলোর আগামী দিনে করণীয়ই বা কী—তাও আলোচনায় উঠে আসবে। এ ছাড়া আলোচনা হবে এলডিসিভুক্ত দেশগুলোর খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, দেশগুলোতে সাম্প্রতিক বিশ্বমন্দার প্রভাব, আঞ্চলিক ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও এসকাপের নির্বাহী সচিব নোয়েলিন হেইজার এতে সঞ্চালক থাকবেন।কারিগরি অধিবেশনগুলোতে দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে এলডিসিভুক্ত দেশগুলোর টেকসই পরিকল্পনা গ্রহণ এবং ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমানোর ব্যাপারে আলোচনা হবে। স্থান পাবে অবহেলিত কৃষি খাত ও সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন, বিশ্ব বাণিজ্যে এলডিসিভুক্ত দেশগুলোর অংশ বৃদ্ধি, বিশ্বমন্দার পর এলডিসিভুক্ত দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর সাহায্যের প্রতিশ্রুতি আদায়ে তাদের চাপ দিতে একজোট হওয়া এবং উন্নত দেশগুলোর কারণে অনুন্নত দেশগুলোর ওপর পরিবেশের বিরূপ প্রভাব। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সংস্থার (এসকাপ) সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে সরকার। এতে ১০টি দেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এবং ১৫টি এলডিসিভুক্ত দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।এলডিসিভুক্ত সদস্য দেশগুলো হচ্ছে নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, আফগানিস্তান, কম্বোডিয়া, কিরিবাতি, লাউ পিডিআর, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, তিমুর লেস্ত, তুভালু, ভানুয়াতু ও ইয়েমেন।প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জেনেভার উন্নয়ন বিভাগের পরিচালক শিশির প্রিয়দর্শী কারিগরি অধিবেশনগুলোতে সঞ্চালক থাকবেন।এগুলোতে নির্ধারিত আলোচক থাকবেন সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) সাবেক সভাপতি আবদুল হাফিজ চৌধুরী, পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী প্রমুখ।তিন দিনের সংলাপের বিষয়বস্তু নিয়ে সম্মেলনের শেষ দিন ২০ জানুয়ারি একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হবে। শেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এসকাপের নির্বাহী সচিব নোয়েলিন হেইজার, নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য পুস্কর বজরাচাড়িয়া উপস্থিত থাকবেন। ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে একটি সংবাদ সম্মেলন। এতে গোটা সম্মেলনের সারসংক্ষেপ তুলে ধরবেন ইআরডি সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া।প্রসঙ্গত, ব্রাসেলসে অনুষ্ঠিত তৃতীয় এলডিসি সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন তত্কালীন বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল।