ঢাকায় তিন দিনের মোটর-বাইক প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় তিন দিনের মোটর-বাইক শো শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ‘দশম নিটল-নিলয় ঢাকা মোটর শো’ ও ‘ঢাকা বাইক শো’ শিরোনামে এ প্রদর্শনী হবে রাজধানীর জোয়ার সাহারা এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়াসহ ১৪টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ স্টল থাকবে। এতে গাড়ি, মোটরসাইকেল, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ প্রদর্শন করা হবে। সেমস্ গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ও সেমস্ বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজক। আর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিটল-নিলয় গ্রুপ।
প্রদর্শনীতে যেতে ইচ্ছুক দর্শনার্থীদের জন্য ঢাকার পাঁচটি এলাকায় বাস থাকবে। এলাকাগুলো হচ্ছে গুলিস্তান, ফার্মগেট, ঢাকা কলেজ, কাকলী ও কুড়িল। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
জানা যায়, প্রদর্শনীতে নিটল–নিলয় গ্রুপ, উত্তরা মোটরস, নাভানা পেট্রোলিয়াম, র্যাংগস গ্রুপের র্যানকন মোটরবাইক, কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ টিভিএস অটো, গাজী টায়ার, বার্জার পেইন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে।