ঢাকায় নেওয়ার পরে আমে রাসায়নিক মেশানো হয়
বাগান থেকে ঢাকায় নেওয়ার পরই আমে রাসায়নিক মেশানো হয়। ঢাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিষয়টি প্রমাণিত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজ মিলনায়তনে গত শুক্রবার ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এই তথ্য জানান ভেজালবিরোধী অভিযান পরিচালনায় আলোচিত ম্যাজিস্ট্রেট (বর্তমানে রাজউকের ম্যাজিস্ট্রেট) রোকন-উদ-দৌলা। সভাটির আয়োজন করে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি নামে একটি মানবাধিকার সংগঠন। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। এতে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান কেরামত আলী, ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম, সহকারী পুলিশ সুপার সাকিলুজ্জামান, শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারজিল হাসান, কানসাট আম আড়ৎদার সমিতির সভাপতি নজরুল ইসলান, ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ। রোকন-উদ-দৌলা বলেন, মূলত আমের পচনরোধ ও রঙিন করতেই বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়।